March 7, 2026
SIL 2

বাঙালি রান্নায় বড়ির সুখ্যাতির কমতি নেই। পাঁচমিশালি থেকে মাছের ঝোল, সবেতেই এর স্বাদ অনন্য। বড়ি কেবল বাঙালিয়ানায় নয়, হায়দ্রাবাদি রান্নাতেও এর ব্যবহার রয়েছে। নিজে হাতে বড়ি বানিয়ে, ভাপিয়ে হায়দ্রাবাদি কায়দায় বানিয়ে ফেলুন চেনা বড়ির ভিন্ন স্বাদের রান্না ‘ভাপ বড়ি কা সালন’। রইল রেসিপি।

কী কী লাগবে

খোসা ছাড়ানো ভাঙা মুগডাল দেড় কাপ

কুচনো ধনেপাতা ২ টেবিলচামচ

মাঝারি মাপের কুচনো পেঁয়াজ ১টি

সর্ষের তেল ৩ টেবিল চামচ

গোটা জিরে দেড় চা চামচ

পেঁয়াজবাটা দেড় কাপ

আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ

হলুদগুঁড়ো এক চিমটে

শুকনো লঙ্কাগুঁড়ো দেড় চা চামচ

ধনেগুঁড়ো ১ টেবিল চামচ

জিরেগুঁড়ো দেড় চা চামচ

গরমমশলা গুঁড়ো ১ চা চামচ

নুন স্বাদমতো

কীভাবে বানাবেন

রাতে মুগডাল ভিজিয়ে রেখে দিন। সকালে রান্নার সময়ে আধ কাপ জল দিয়ে মিহি করে পিষে ফেলুন। ডালের বাটার মধ্যে নুন, কুচনো ধনেপাতা এবং কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে মেশান। এবার একটি বড় সসপ্যানে পর্যাপ্ত জল গরম করুন। অন্যদিকে, একটি স্টিলের থালায় অল্প তেল মাখিয়ে ডালের বাটা থেকে চামচে করে অল্প অল্প মিশ্রণের অংশ থালায় সাজিয়ে দিন। গোটা থালা ভর্তি হয়ে গেলে সসপ্যানের উপর বসিয়ে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি ভাপানো বড়ি।

এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোঁড়ন দিন। রং বদলাতে শুরু করলে পেঁয়াজবাটা দিয়ে দিন। হালকা বাদামি রং ধরার সঙ্গে সঙ্গে আদা-রসুন বাটা মেশান। খানিক নাড়াচাড়া করে নিয়ে, ওতে যোগ করুন হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো এবং গরমমশলার গুঁড়ো। কড়াইয়ে ৩ কাপ জল ঢেলে দিন। ঝোল ফুটতে শুরু করলে পরিমাণমতো নুন দিন। ঢাকা দিয়ে অল্প আঁচে ৪-৫ মিনিট ফুটতে দিন। এবার ঝোলের মধ্যে ভাপানো বড়ি ঢেলে আরও কিছুক্ষণ রান্না হতে দিন। উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন।

গরম ভাত, রুটি বা নানের সাথে জমে যাবে এই রান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *