যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। একসঙ্গে সাত প্রজাতির আলুচাষ করে নজির গড়লেন দক্ষিণ ত্রিপুরার এক কৃষক। বাইখোড়া এলাকার কৃষক মৃণাল দেবনাথ-এর এই উদ্যোগকে ঘিরে এলাকাজুড়ে চর্চা শুরু হয়েছে।
দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ী বিধানসভা এলাকার অধিকাংশ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। জোলাইবাড়ী কৃষি দপ্তরের উদ্যোগ ও পরামর্শে এই এলাকার কৃষকেরা ধানচাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষেও এগিয়ে এসেছেন। কৃষকদের আয় বৃদ্ধি এবং আধুনিক কৃষি পদ্ধতি প্রসারে কৃষি দপ্তর নিয়মিতভাবে বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটেই জোলাইবাড়ী কৃষি দপ্তরের সহযোগিতায় পূর্ব চড়কবাই গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষক মৃণাল দেবনাথ একসঙ্গে সাত ধরনের আলু চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি হিমালিনী, চিপসোনা-৩, নীলকণ্ঠ, পোখরাজ, করণ, সঙ্গম এবং উদয়—এই সাত প্রজাতির আলু চাষ করেছেন।
