অবশেষে মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রচার ঝলক। প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। নির্মাতাদের দাবি, ছবির এই দ্বিতীয় পর্বে অ্যাকশন, হিংসা ও প্রতিশোধের মাত্রা আগের চেয়েও বেশি।
প্রথম ছবিতে কাহিনির কেন্দ্রে ছিলেন অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি। তবে নতুন পর্বে গল্পের মূল ফোকাসে থাকছেন রণবীর সিংহ। ছবির দ্বিতীয় পর্বে দেখানো হবে রণবীরের জসকিরত সিংহ রঙ্গি ওরফে হামজা হয়ে ওঠার কাহিনী। প্রথম ছবিতে রহমান বালোচকে হত্যার পর দ্বিতীয় পর্বে দেখা যাবে হামজার ‘শের-এ-বালোচ’ হিসেবে লিয়ারিতে নিজের আধিপত্য বিস্তারের চিত্র।
গোটা ঝলক জুড়ে রণবীরের উপস্থিতিই চোখে পড়ার মতো। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি ছবির আবহসঙ্গীতও দর্শকদের নজর কেড়েছে। অনুরাগীদের মতে, প্রথম ছবির মতোই এ বারও ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির অন্যতম শক্তি হতে পারে।
ছবিতে রণবীরের পাশাপাশি দেখা যাবে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীকে। পরিচালনায় রয়েছেন আদিত্য ধর। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ ছবিটি বিতর্কের মুখে পড়লেও ভারতীয় বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিল। ফলে নতুন পর্বও সেই সাফল্যের ধারাকে বজায় রাখতে পারে কি না, সে দিকেই এখন নজর সিনেপ্রেমীদের।
