জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। গত এক মাসব্যাপী রাজ্যের বিভিন্ন জেলায় আয়োজন করা হচ্ছে ইউনিটি প্রোমো ফেস্ট ২০২৫। রাজ্যের স্বনামধন্য শিল্পীদের পাশাপাশি বলিউডের বিখ্যাত প্লে ব্যাক সিঙ্গার জুবিন নউটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন।
এই কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আজ গীতাঞ্জলি অতিথিশালায় পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন। পর্যটনমন্ত্রী জানান, প্রোমো ফেস্টের নামের পাশে এবছর ইউনিটি শব্দটি যুক্ত করা হয়েছে। উদ্দেশ্য হলো রাজ্যে জাতি জনজাতির মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধের বন্ধনকে শক্তিশালী করা। এই উৎসবে জাতি জনজাতিদের সংস্কৃতি, বেশভুষা, খাদ্য, ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।
ইতিমধ্যেই এই উৎসব রাজ্যের সংস্কৃতির একটি ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে। আমাদের রাজ্য ও তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চলে এই উৎসব আলাদা উন্মাদনার মাত্রা সৃষ্টি করেছে। ত্রিপুরা রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে প্রোমো ফেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
