শহরের অলি-গলিতে আবর্জনা অপসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আগরতলা পৌরনিগম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাতটি তিন-চাকার অটো হপার ও তিন সেট মিনি সুপার সাকার যন্ত্রের উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার।
মেয়র জানান, ২০২২ সাল থেকে ‘স্বচ্ছ আগরতলা, সুস্থ আগরতলা’ প্রকল্পের মাধ্যমে শহরকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে পৌরনিগম। সেই উদ্যোগেরই অংশ হিসেবে রাজ্য সরকারের সহযোগিতায় এবার শহরের পরিষেবা উন্নত করতে নতুন এই পরিচ্ছন্নতা সরঞ্জামগুলি কেনা হয়েছে। সাতটি অটো হপার কিনতে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা এবং তিন সেট মিনি সুপার সাকার ক্রয়ে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, শহরের হোটেল, রেস্তোরাঁ ও ফাস্ট ফুড দোকানগুলিতে উৎপন্ন বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করে দেবেন্দ্র চন্দ্র নগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। সেন্ট্রাল জোনের স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে অটো হপারগুলো পরিচালিত হবে।
মেয়র জানান, ২০১৮ সাল থেকে রাজ্য সরকারের সামগ্রিক উন্নয়নমূলক উদ্যোগে শহরের পরিকাঠামোয় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। দীর্ঘদিনের খোলা নর্দমা এবং বন্যা নিয়ন্ত্রণের ড্রেনগুলো পর্যায়ক্রমে ঢেকে দেওয়া হচ্ছে।
নতুন মিনি সুপার সাকার যন্ত্রগুলি সরু গলির ড্রেন পরিষ্কারে বিশেষভাবে কার্যকর হবে, ফলে বর্ষায় জল নিষ্কাশন আরও সহজ হবে। এই কাজের দায়িত্বে থাকা সংস্থা, মেকানিক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে।
