জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বাংলাদেশের এক রাজনৈতিক নেতার বিতর্কিত মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, গত এক বছর ধরে বাংলাদেশে উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা চলছে।
তাঁর কথায়, গত এক বছর ধরে বাংলাদেশে বারবার উত্তর-পূর্ব ভারতকে ভারত থেকে আলাদা করে বাংলাদেশে যুক্ত করার কথা বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখেছিলেন, বাংলাদেশের দুটি নিজস্ব ‘চিকেনস নেক’ রয়েছে এবং দুটিই অত্যন্ত স্পর্শকাতর।
প্রথমটি হলো ৮০ কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ-পশ্চিম গারো হিলস পর্যন্ত বিস্তৃত। এই পথে সামান্য বিঘ্ন ঘটলেই বাংলাদেশের পুরো রংপুর বিভাগ দেশটির বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। দ্বিতীয়টি হলো ২৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই করিডরটি ভারতের ‘চিকেনস নেক’-এর থেকেও ছোট এবং এটিই বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী ও রাজনৈতিক রাজধানীর মধ্যে একমাত্র সংযোগ পথ।
