পাহাড়ে পর্যটনদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়ে থাকে, এবার সেই একই কারণে নেওয়া হলো বেশ কিছু সিদ্ধান্ত। ৫১ শক্তিপীঠের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আসাম, মেঘালয় এবং ত্রিপুরায় শক্তিপীঠ রয়েছে। এই অঞ্চলের পর্যটনের বিকাশে এই সকল ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলিকে বিমান যোগাযোগের আওতায় আনার উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
এর ফলে দেশ বিদেশের পর্যটকরা আরও বেশি করে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলিতে ভ্রমনে আকৃষ্ট হবেন। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন (ডোনার) মন্ত্রকের উদ্যোগে পর্যটনের প্রসারে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা এই অভিমত ব্যক্ত করেন।
সভায় আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে চিকিৎসা ব্যবস্থায় অনেক সুযোগ সুবিধা রয়েছে। চিকিৎসা ক্ষেত্রের এই সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করার জন্য বহু জায়গা থেকে লোক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আসতে পারেন। এইজন্য পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি মেডিক্যাল টুরিজমের উপরও বিশেষভাবে গুরুত্ব দেওয়া আবশ্যক।
