March 6, 2026
SIL 1

অসমে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ এমকেআই। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই পাইলট স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। শুক্রবার সকালে তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা।

বায়ুসেনা সূত্রে খবর, প্রশিক্ষণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় অসমের জোরহাট বায়ুসেনাঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পর রাত ৭টা ৪২ মিনিট নাগাদ বিমানটির সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। সেই সময় যুদ্ধবিমানটি অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এরপর হঠাৎই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পরবর্তীতে জানা যায়, জোরহাট থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অসমের কার্বি আংলং জেলার একটি দুর্গম এলাকায় প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। খবর পাওয়ার পরপরই ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার এবং উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধানের পর শুক্রবার সকালে দুর্ঘটনাস্থল থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় এবং দুই পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে  বায়ুসেনা। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *