দুর্ঘটনার কবলে অভিনেতা আশিস বিদ্যার্থী। অভিনেতা গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন বলে জানা গেছে। অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী রূপালি বড়ুয়া।অভিনেতা নিজের গাড়িতে করেই গুয়াহাটি যাচ্ছিলেন।
জানা গেছে, অভিনেতা ও তাঁর স্ত্রী, হাইওয়ে সংলগ্ন একটি রেস্তরাঁয় খেতে নামেন। উল্টো দিক থেকে একটি মোটার সাইকেল এসে ধাক্কা মারে দম্পতিকে। তাতেই রাস্তায় পড়ে যান দুজন। স্থানীয় লোকেরা এসে তাঁদের উদ্ধার করেন।গীতানগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে রূপালি ও আশিসকে হাসপাতালে নিয়ে যায়। বাইকআরোহীকেও নিয়ে যাওয়া হয় গুয়াহাটি মেডিকেল কলেজে। বাইকআরোহীও আহত বলে খবর। অভিনেতা সমাজমাধ্যমে জানান, তাঁদের আঘাত খুব একটা গুরুতর নয়। তাঁরা ঠিক আছেন, সুস্থ আছেন। আশিষের কথায়, ‘‘রূপালিকে বেশ কিছুক্ষণ চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখেন। যে বাইক আরোহী আঘাত পেয়েছেন, পুলিশ তাঁর সব ধরনের শারীরিক অবস্থার খবর দিচ্ছেন।’’
