March 31, 2026
অসম নির্বাচন ২০২৬: ১৪ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা, চাঞ্চল্যকর রিপোর্ট ADR-এর

২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)। রিপোর্ট অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ১৪ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং ১১ শতাংশ প্রার্থী খুনের মতো গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত। রিপোর্টটি আরও জানাচ্ছে যে, আট জন প্রার্থীর বিরুদ্ধে খুনের (IPC ৩০২/BNS ১০৩) এবং নয় জন প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টার (IPC ৩০৭/BNS ১০৯) মামলা রয়েছে। এছাড়া দুই জন প্রার্থীর বিরুদ্ধে নারীর প্রতি অপরাধের অভিযোগ রয়েছে।

অসমের আটটি আসনকে ‘রেড অ্যালার্ট’ আসন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলি হলো— আলগাপুর-কাটলিছড়া, সোনাই, বহরমপুর, বিজনী, বিন্নাকান্দি, বোকাখাত, করিমগঞ্জ দক্ষিণ এবং গোরেশ্বর। এই প্রতিটি আসনে অন্তত তিন বা তার বেশি প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে। ২০২১ সালের নির্বাচনের তুলনায় পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। ২০২১ সালে ১৫ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে মামলা ছিল, যা এবার ১৪ শতাংশে দাঁড়িয়েছে। ADR উল্লেখ করেছে যে, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলি কেন অপরাধমূলক রেকর্ড থাকা ব্যক্তিদের টিকিট দিচ্ছে, তার সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হচ্ছে।

নির্বাচনী ময়দানে প্রার্থীদের এই স্বচ্ছতার অভাব ভোটারদের সচেতনতাকে আরও একবার বড় পরীক্ষার মুখে দাঁড় করাল। আসন্ন নির্বাচনে এই পরিসংখ্যান ভোটারদের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *