February 11, 2026
SIL 1

ইন্টারনেটে ভুয়ো বা আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের মধ্যেই কড়া পদক্ষেপ নিল কেন্দ্র।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে চলা নতুন আইনে ডিপফেক বা আপত্তিকর কনটেন্ট সরাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে মাত্র ৩ ঘণ্টা সময় দেওয়া হবে।

এতদিন পর্যন্ত কোনো আপত্তিকর পোস্ট সরাতে সংস্থাগুলির হাতে ছিল ৩৬ ঘণ্টা সময়। নতুন নিয়মে সেই সময়সীমা ব্যাপকভাবে কমিয়ে আনা হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি দ্রুত সুরাহা পান।

 বিশেষজ্ঞদের মতে, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার যেভাবে বাড়ছে, তাতে দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে উঠেছিল।

শুধু কনটেন্ট অপসারণ নয়, শিশুদের সুরক্ষা ও অনলাইন জালিয়াতি রুখতেও একাধিক নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মেটা, ইউটিউবের মতো বড় সংস্থাগুলিকে প্রতি তিন মাস অন্তর ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, কোনো অভিযোগ জমা পড়লে তা ৭ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

আইন অমান্য করলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বাতিল হওয়া ছাড়াও জেল ও জরিমানার মুখে পড়তে হতে পারে। সরকারের দাবি, এই কঠোর পদক্ষেপের ফলে ডিজিটাল পরিসরে সাধারণ মানুষের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে।

ডিজিটাল যুগে নিরাপত্তা এখন সময়ের দাবি নতুন আইন সেই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *