April 4, 2026
SIL 1

একাধিক কনসার্ট বাতিল হওয়ায় ফের বিপাকে পড়েছেন পাঞ্জাবি গায়ক কর্ণ আউজলা। ৩ এপ্রিল কলকাতায় সফল অনুষ্ঠান করার পর লখনউ (১০ এপ্রিল) ও লুধিয়ানার (১২ এপ্রিল) শো বাতিলের খবর সামনে এসেছে।
এই ধারাবাহিক বাতিলের নেপথ্যে রয়েছে মুম্বইয়ে আয়োজিত একটি শো। গত ৩ মার্চ, মুম্বইয়ের এমএমআরডিএ মাঠে দোল উপলক্ষ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কর্ণ। অভিযোগ, তীব্র গরমে খোলা আকাশের নিচে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হওয়ায় বহু দর্শক অসুস্থ হয়ে পড়েন। অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছিল বলে অভিযোগ।
এই ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। এরপরই তাঁর ১০ এপ্রিল লখনউ এবং ১২ এপ্রিল লুধিয়ানার অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, আগাম টিকিট কাটা দর্শকদের ৫-৭ দিনের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
উল্লেখ্য, মুম্বইয়ের বিতর্কিত শোয়ের পর একই শহরে ‘মুম্বই ২.০’ নামে আর একটি নতুন কনসার্টের ঘোষণা করেছিলেন কর্ণ। সেটি ১২ এপ্রিল রাতে মহালক্ষ্মী রেসকোর্সে হওয়ার কথা ছিল, যদিও সেই অনুষ্ঠান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বর্তমানে কর্ণ অওজলা তাঁর ‘পি-পপ কালচার ইন্ডিয়া ট্যুর’ নিয়ে ব্যস্ত। ২৮ ফেব্রুয়ারি দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে এই সফর শুরু করেন তিনি। উদ্যোক্তাদের দাবি, দিল্লি ও কলকাতার অনুষ্ঠান দুটিই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *