March 9, 2026
হোলির দিন সংঘর্ষের জেরে মৃত্যু, প্রতিবাদে পথ অবরোধ শিলচরে


হোলির দিন সংঘর্ষের জেরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল অসমের শিলচরে। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম সাজন দেব।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোলির দিন রংপুর এলাকায় কিছু দুষ্কৃতীর সঙ্গে বচসার জেরে সাজন দেবের উপর হামলা হয়। অভিযোগ, মারধরের সময় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দ্রুত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন ভেন্টিলেশনে রাখার পর শনিবার তাঁর মৃত্যু হয়।
সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাজত পাল জানান, মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তিন জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সাজন দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রবিবার রংপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে নামেন। তাঁরা সাজন দেবের দেহ রেখে শিলচর–ইম্ফল জাতীয় সড়ক অবরোধ করেন। এই অবরোধ হয় বরাক নদীর সেতুর কাছে রংপুর এলাকায়।
পথ অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বড় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
পরে পুলিশ প্রশাসনের সঙ্গে মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়দের আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি চলছে। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *