February 5, 2026
SIL 2

মহারাষ্ট্রের বারামতী বিমানবন্দরে অবতরণের সময় বিমান ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি প্রধান অজিত পওয়ারের। দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও পাঁচ জন যাত্রীরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল পৌনে ন’টা নাগাদ মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে বিমানটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। রানওয়ের একেবারে ধারে চলে যাওয়ার পর বিমানটি ভেঙে পড়ে ও সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। আগুন নেভাতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকল বাহিনী। পুলিশও যায় এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, বারামতী বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। ভেঙে টুকরো টুকরো হওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে।

এনসিপি সূত্রের দাবি অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত পওয়ার। তিনি একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *