হাড়কাঁপানো ঠান্ডার মাঝেই ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের একাধিক রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। শীতের ভোরে যখন সাধারণ মানুষ গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই এই তীব্র কম্পন অনুভূত হওয়ায় প্রাণভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন শয়ে শয়ে আতঙ্কিত মানুষ।
কম্পনের মাত্রা এতোটাই ছিল যে তীব্র কম্পনে অনেকেরই ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে মানুষ যখন ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন, সেই সময়ের বেশ কিছু দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল অসমের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে।
এদিন ভোরে কেবল অসম নয়, মৃদু কম্পন অনুভূত হয়েছে ত্রিপুরাতেও। ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরায় ৩.৩ মাত্রার কম্পন হয়। তবে মূল আতঙ্ক ছড়ায় ৫.১ মাত্রার কম্পনটি ঘিরেই।
মরিগাঁও-সহ মধ্য অসমের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হওয়ার পর প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পুরনো ও জীর্ণ বাড়ির বাসিন্দাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
