বৈদ্যুতিক ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় কার্যত বন্ধ বিদ্যুৎ পরিষেবা। বিগত দেড় মাস যাবত এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন দক্ষিণ ত্রিপুরার শান্তিবাজার মহকুমার তাকমা ছড়া ভিলেজ ও তাকমা বাজার এলাকার প্রায় ২০০টি পরিবার।
বিদ্যুৎহীনতার প্রভাব পড়েছে পানীয় জলেও। বৈদ্যুতিক মোটরচালিত জলের ব্যবস্থা বন্ধ হয়ে পড়ায় দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয় ও রাইস মিল বন্ধ হয়ে পড়ায় শিক্ষা ও জীবিকার ক্ষেত্রেও মারাত্মক প্রভাব পড়েছে।
এ বিষয়ে একাধিকবার শান্তিবাজার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে চরম অশান্তিতে ভুগছেন সাধারণ মানুষ। এই অবস্থায় দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।
