আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তুরস্কের একটি সামরিক কার্গো বিমান সি-১৩০। জর্জিয়ার সিগনাঘি পুরসভা এলাকায় আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয় বিমানটি। এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক।
দুর্ঘটনার সময় বিমানে ক্রু-সহ অন্তত ২০ জন সেনা সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। জর্জিয়া ও আজারবাইজানের প্রশাসন যৌথভাবে উদ্ধার ও তদন্ত অভিযান চালাচ্ছে। প্রাথমিক অনুমান, প্রযুক্তিগত ত্রুটি বা প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার কারণ হতে পারে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান গভীর শোকপ্রকাশ করেছেন। নিহত ও নিখোঁজ সেনাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। অন্যদিকে, ওয়াশিংটনের পক্ষ থেকেও তুরস্ক সরকারের প্রতি সমবেদনা ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
এই ঘটনায় তুরস্কের সেনাবাহিনীর শোকের ছায়া নেমে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতাও নেওয়া হবে।
