রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে আরও মজবুত, আধুনিক ও নিরবচ্ছিন্ন করতে বড়সড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড (টিএসইসিএল)।
আগরতলা শহরের গুরুত্বপূর্ণ তিনটি সাব স্টেশনে ট্রান্সফরমারের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা বিশ্বজিৎ বসু জানিয়েছেন, গত তিন বছর ধরে আগরতলা শহরে প্রতি বছর গড়ে ১৫ থেকে ২০ শতাংশ হারে বিদ্যুতের লোড বৃদ্ধি পাচ্ছে।
এই বাড়তি চাপের ফলে একাধিক এলাকায় ভোল্টেজ সমস্যা, ট্রান্সফরমার দ্রুত বিকল হয়ে যাওয়া এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। এই সমস্যার স্থায়ী সমাধান করতেই সাব স্টেশন স্তরে ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রগতি বিদ্যুৎ সাব স্টেশনে বর্তমানে ৭.৫ এমভিএ ক্ষমতাসম্পন্ন দুটি ট্রান্সফরমার, অর্থাৎ মোট ১৫ এমভিএ ক্ষমতা রয়েছে।
