রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রকে আরো উন্নত থেকে উন্নততর করতে হবে। সেন পাড়ার বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটের পরিকাঠামো উন্নয়নে পুরাতন আগরতলা ব্লককে ৫০.২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।
আগরতলার নন্দননগরস্থিত সেন পাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের সংস্কৃতি হাটের ১০০ সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ২০২৩ সালের ১০ ডিসেম্বর এই জায়গায় প্রথমবারের মতো এই সাংস্কৃতিক হাটের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল। আমারও এখানে আসার সৌভাগ্য হয়েছিল।
আবারও শততম হাটে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত। সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে গত ৯৯ সপ্তাহ ধরে আয়োজকরা নিয়মিতভাবে এই সাপ্তাহিক হাটের আয়োজন করে গিয়েছেন। এক সপ্তাহের জন্যও বন্ধ রাখা হয়নি। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এই ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে সংস্কৃতি প্রেমীরা অনেক বেশি উপকৃত হবেন।
