আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আসাম এ কালো টাকার ব্যবহার ঠেকাতে বড় পদক্ষেপ নিল Income Tax Department। ২৪ ঘণ্টার একটি বিশেষ কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যা নির্বাচন চলাকালীন সন্দেহজনক অর্থ লেনদেনের ওপর নজর রাখবে।
এই উদ্যোগটি নেওয়া হয়েছে Election Commission of India-এর সঙ্গে সমন্বয় রেখে। গুয়াহাটি-ভিত্তিক তদন্ত শাখা (Directorate of Income Tax – Investigation, North Eastern Region) এই নজরদারির দায়িত্বে রয়েছে।
আয়কর দপ্তর জানিয়েছে, ভোটের আগে এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন রাজ্যজুড়ে নগদ টাকা, সোনা-রূপা বা অন্যান্য মূল্যবান জিনিসের সন্দেহজনক পরিবহন ও বণ্টনের ওপর কড়া নজর রাখা হবে। সাধারণ মানুষকেও এই বিষয়ে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২৬ সদস্যের অসম বিধানসভার নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ৪ মে।
কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখা এবং কালো টাকার অপব্যবহার রোধ করা।
এই কন্ট্রোল রুম পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।
