ভারতীয় জাহাজ চলাচলের ক্ষেত্রে বড় স্বস্তি এনে হরমুজ প্রণালীতে ছাড় দিল ইরান। ফলে এখন থেকে ওই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি মিলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য সবুজ সংকেত দিয়েছে ইরান।
এস জয়শঙ্কর-এর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীর কথাবার্তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই সিদ্ধান্তের পরই ভারতীয় জাহাজগুলির চলাচল শুরু হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ‘শেনলং’ ইতিমধ্যেই মুম্বাই বন্দরের কাছে ভারতীয় জলসীমায় প্রবেশ করেছে বলে খবর।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় ভারতের বাণিজ্য ও জ্বালানি পরিবহণে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ প্রতিদিন চলাচল করে।
