জনি লিভার কন্যা জেমি সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। তিনি বিভিন্ন জায়গায় ও ছোটপর্দায় বিভিন্ন শো-ও করেন। জেমি লিভারের শো-গুলির মধ্যে ভীষণ জনপ্রিয় হল বিভিন্ন তারকাদের নকল করা। আশা ভোঁসলের মতো কিংবদন্তি থেকে শুরু করে তৎকালীন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের একেবারে নিখুঁত করে নকল করতে পারেন জেমি। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই সমস্ত ক্লিপিংস ভীষণ জনপ্রিয়। তবে গত কয়েকদিন যাবত জেমি হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন। অনুরাগীরা বলছেন, এর পিছনে রয়েছে সদ্যই তান্য মিত্তল কে নকল করার খেসারৎ!
সদ্যই তান্য মিত্তলকে নকল করে একটি ভিডিও করেছিলেন। বিগ বস-এর সৌজন্যে তান্য মিত্তল বেশ জনপ্রিয়। তবে অনেক সময়েই বিতর্কে জড়ান এই তান্য মিত্তল।তবে সদ্যই তান্য মিত্তলকে নকল করার জন্য সোশ্যাল মিডিয়ায় জেমির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তান্য মিত্তলের অনুরাগীরা।
এবিষয়ে জেমি জানিয়েছেন যে, তান্য মিত্তলের মিমিক্রি করা আর তাঁর সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে যাওয়া, এ ২-এর মধ্যে কোনও সম্পর্ক নেই। মানুষ শুধু শুধুই এই ২টি বিষয়কে যুক্ত করে দিচ্ছেন। জেমির কথায়, ‘আমি ২০২৫ সালে অনেক কিছু হারিয়েছি। পাশাপাশি, আমি কিছু প্রোজেক্টে কাজ করছি, সিনেমাও করছি। আমি সদ্য একটা ট্যুরেও গিয়েছিলাম। পাশাপাশি পরিবারের সঙ্গে বেশ অনেকটা সময় কাটিয়েছি। সেই কারণে আমার মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নেওয়ার প্রয়োজন। সেই কারণেই এই সিদ্ধান্ত।’
