February 5, 2026
SIL 1

বেগুণ পোড়া বা ভাজা তো অনেক খাওয়া হয়। কিন্তু মাঝেমধ্যে ইচ্ছে হয় স্বাদবদলের। আপনার জন্য রইল বেগুনের একটি নতুন রান্না বেগুনের কোফ্তা।  রেসিপি জানুন।

কী কী লাগবে

মাঝারি বেগুন ২টি

আদাকুচি ২চামচ

কুচোনো কাঁচালঙ্কা ২টি

কাজুবাদামের টুকরো ৪-৫টা

এক মুঠো ধনেপাতা কুচি

আধ চা-চামচ নুন

২-৩টেবিল চামচ বেসন

স্বাদমতো নুন

গোটা জিরে ১ চা-চামচ

শুকনো লঙ্কা ২টি

জিরেগুঁড়ো ১ চা-চামচ

হলুদগুঁড়ো ১ চা-চামচ

আদাবাটা ১ টেবিল চামচ

কাঁচালঙ্কাবাটা ১ টেবিল চামচ

কাজুবাদামবাটা ১ টেবিল চামচ

১টি ছোট টম্যাটো বাটা

গরমমশলার গুঁড়ো ১ চা-চামচ  

একমুঠো টাটকা ধনেপাতা কুচি

স্বাদমতো নুন, চিনি

পরিমাণমতো সাদা বা সর্ষের তেল

কীভাবে বানাবেন

প্রথমে বেগুনগুলো ভালো করে ধুয়ে গ্রেট করে নিন। এবার এতে কুচোনো আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, ছোট করে কাটা বাদাম, স্বাদ অনুযায়ী নুন মিশিয়ে ভালোভাবে মাখুন। এবার বেসন যোগ করে মিশ্রণটির ছোট ছোট কোফ্তা বানিয়ে নিন।

কড়াইয়ে তেল গরম করে কোফ্তাগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে অল্প তেল গরম করে শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোঁড়ন দিন। এরপর আদা বাটা, হলুদ আর কাঁচালঙ্কা বাটা অল্প জলে গুলে কড়াইয়ে দিয়ে কষাতে থাকুন। নুন দিয়ে মশলা ভালোভাবে কষে গেলে টম্যাটো বাটা যোগ করুন। কিছুক্ষণ রান্না করে কাজু বাটা দিয়ে আবার কষান।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে প্রয়োজনমতো গরম জল দিন। অল্প চিনি যোগ করুন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কোফ্তাগুলো ছেড়ে দিন। প্রায় পাঁচ মিনিট রান্না করার পর গরমমশলা আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন সুস্বাদু বেগুনের কোফ্তা।

রুটি, ভাত, পরোটা বা পোলাও সব কিছুর সঙ্গেই  জমবে ভালো এই কোফ্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *