অসমে আসন্ন নির্বাচনের আগে শাসক জোট NDA-র মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে এই কথা জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, জোটের প্রধান শরিকদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আসন বণ্টন নিয়ে সমঝোতা হয়েছে। এই আলোচনায় অংশ নিয়েছেভারতীয় জনতা পার্টি (বিজেপি), অসম গণ পরিষদ (এজিপি), বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) এবং রাভা হাসং জুথা সংগ্রাম কমিটি,মুখ্যমন্ত্রী জানান, “NDA জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা সম্পূর্ণ হয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা করার আগে এই প্রস্তাবটি BJP-র কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের অনুমোদনের জন্য পাঠানো হবে।” তিনি আরও বলেন, বোর্ডের অনুমোদন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের ঘোষণা করা হবে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে দুই থেকে চার দিন সময় লাগতে পারে।
এই ঘোষণার মধ্যেই অসমের রাজনীতিতে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। কংগ্রেসের তিনজন স্থগিত বিধায়ক— কমলখ্যা দে পুরকায়স্থ, বসন্ত দাস এবং শশীকান্ত দাস— আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দিয়েছেন।
তিন বিধায়কের দলে যোগদানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “আজ BJP-র জন্য বড় দিন। তিনজন কংগ্রেস বিধায়ক আমাদের দলে যোগ দিয়েছেন। এটি প্রমাণ করে যে অসমে BJP-র প্রতি মানুষের সমর্থন বাড়ছে।”
জানা গেছে, কমলাক্ষ্য দে পুরকায়স্থ করিমগঞ্জ (উত্তর) কেন্দ্রের বিধায়ক। অন্যদিকে সশীকান্ত দাস ও বসন্ত দাস যথাক্রমে রাহা এবং মঙ্গলদৈ (এসসি) কেন্দ্রের বিধায়ক।
এছাড়াও প্রাক্তন কংগ্রেস যুগ্ম সম্পাদক পরশা বব কালিতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক কঙ্কন নাথ-ও BJP-তে যোগ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার মুখে এই নতুন যোগদান এবং NDA-র আসন সমঝোতা অসমের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
