March 24, 2026
SIL 1

নতুন অর্থবর্ষের শুরুতেই প্যান কার্ড সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে আয়কর বিভাগ । আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলা নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ডের আবেদন ও যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হল, এতদিন শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই প্যান কার্ডের জন্য আবেদন করা যেত, কিন্তু এই সুবিধা মিলবে শুধুমাত্র ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত। ১ এপ্রিল থেকে শুধুমাত্র আধার দিয়ে আবেদন করার সুযোগ বন্ধ হয়ে যাবে।

এবার থেকে আবেদনকারীদের আধারের পাশাপাশি জন্মতারিখের অতিরিক্ত প্রমাণপত্র জমা দিতে হবে। যেমন – জন্ম শংসাপত্র, ভোটার আইডি, মাধ্যমিকের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা ম্যাজিস্ট্রেট দ্বারা প্রত্যয়িত হলফনামা।

সরকারের মতে, এই নতুন নিয়মের ফলে প্যান কার্ড ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে ও জালিয়াতি রোধ করা আরও সহজ হবে। একই ব্যক্তির নামে একাধিক প্যান কার্ড ইস্যু হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে আসবে।

অনলাইনে আবেদন করতে হলে এনএসডিএল-এর ওয়েবসাইটে গিয়ে ‘নিউ প্যান (ফর্ম ৪৯এ)’ ফর্ম পূরণ করতে হবে। আধার ওটিপি যাচাই সহ প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নির্ধারিত ফি প্রদান করলেই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *