March 14, 2026
শিলচরে নতুন সচিবালয়, প্রশাসন বিকেন্দ্রীকরণের পথে অসম সরকার

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শনিবার শিলচর এর শ্রীকোনা এলাকায় নতুন সচিবালয় কমপ্লেক্সের উদ্বোধন করেন। এই উদ্যোগকে রাজ্যের প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করার বড় পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বহু বছর ধরে অসমের প্রশাসনিক কাজকর্ম মূলত গুয়াহাটি -কেন্দ্রিক ছিল। গত পাঁচ বছরে সরকার সেই ধারা বদলানোর চেষ্টা করছে, যাতে রাজ্যের প্রতিটি অঞ্চলে প্রশাসন ও উন্নয়নের সুবিধা পৌঁছে যায়।
তিনি জানান, সিলচরের এই নতুন সচিবালয় বরাক উপত্যকার মানুষের জন্য সরকারি পরিষেবা আরও সহজলভ্য করবে। এর ফলে মানুষকে ছোটখাটো প্রশাসনিক কাজের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে গুয়াহাটি বা জেলা সদর পর্যন্ত যেতে হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “এগুলো শুধু ভবন নয়, আমাদের উদ্দেশ্যের স্পষ্ট বার্তা। আমরা চাই প্রশাসন মানুষের কাছে পৌঁছাক, মানুষকে প্রশাসনের কাছে যেতে না হয়।”
তিনি আরও জানান, প্রশাসনিক কাজ দ্রুত ও কার্যকর করতে সরকার বিভিন্ন জেলায় সহ-জেলা (co-district) তৈরি করেছে এবং জেলা প্রশাসনকে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে।
বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে অসম বিধানসভার একটি অধিবেশন আগে কোকরাঝার এ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও ডিব্রুঘাট এ ইতিমধ্যে একটি নতুন সচিবালয় তৈরি করা হয়েছে এবং সেখানে ভবিষ্যতে একটি আইনসভা কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
এদিকে অসম সরকারের মন্ত্রী কৌশিক রাই এই উদ্যোগকে বরাক উপত্যকার জন্য ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সিলচরে সচিবালয় গড়ে ওঠায় প্রশাসনিক কাজকর্ম আরও দ্রুত এবং কার্যকর হবে।
মন্ত্রী জানান, এই প্রকল্পের ফলে বরাক উপত্যকার মানুষের জন্য সরকারি পরিষেবা পাওয়া অনেক সহজ হবে এবং অঞ্চলটির সামগ্রিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তিনি আরও বলেন, “বরাক উপত্যকার মানুষের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এটি এই অঞ্চলের উন্নয়নের নতুন অধ্যায় শুরু করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *