সম্প্রতি ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা, যার জেরে আতঙ্ক ছড়িয়েছে চারদিকে। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বালুছড়া এলাকায় দুপুর প্রায় ১২টা নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তিনটি পরিবারের মোট ছয়টি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে সম্পূর্ণ বসতবাড়ি ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, প্রথমে সযাতুল ইসলামের ঘরে আগুন লাগে। পরে দ্রুত সেই আগুন পাশের আরও দুটি পরিবারের ঘরে ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং ঘরের ভেতরে থাকা সমস্ত আসবাবপত্র, প্রয়োজনীয় নথি ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
আকস্মিক এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। এলাকাবাসীর দাবি, ঘটনায় আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি প্রশাসনের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থার কাছেও সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে।
