February 14, 2026
SIL 2

জাতীয় মহাসড়কে অবতরণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সফরসঙ্গী সি-১৩০জে সামরিক বিমান। শনিবার ডিব্রুগড়ের মোরান বাইপাসে বিশেষভাবে প্রস্তুত ইমারজেন্সি ল্যান্ডিং ফেসিলিটি (ELF)-তে এই ঐতিহাসিক অবতরণ ঘিরে নজির গড়ল উত্তরপূর্ব ভারত।

১২৭ নম্বর জাতীয় সড়কের ডেমো – মোরান অংশের প্রায় ৪.২ কিলোমিটার জুড়ে তৈরি এই জরুরি অবতরণ ব্যবস্থা উত্তরপূর্ব ভারতের প্রথম। অতীতে ভারতীয় বায়ুসেনা এখানে একাধিকবার পরীক্ষামূলক ল্যান্ডিং ও টেকঅফ করেছে। ভারী পণ্যবাহী সামরিক বিমানও এই সড়কে অবতরণ করেছে বলে জানা যায়। প্রয়োজন হলে ভবিষ্যতে রাফাল, সুখোই বা মিগের মতো যুদ্ধবিমানও এখানে অবতরণ করতে পারবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ৬ ফেব্রুয়ারি থেকে ডিব্রুগড়ের এই অংশে যান চলাচল সীমিত করা হয়েছিল। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

সাম্প্রতিক সময়ে উত্তরপূর্ব ভারত নিয়ে প্রতিবেশী দেশগুলির মন্তব্য ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক আবহে এই অবতরণকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ডিব্রুগড় থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব প্রায় ৬০০ – ৭০০ কিলোমিটার ও চিন সীমান্ত প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

কৌশলগত দিক থেকে তাই এই জরুরি অবতরণ সড়ক বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, যদি ডিব্রুগড় বিমানবন্দর বা চাবুয়া বিমানবাহিনী ঘাঁটি কোনও কারণে ব্যবহারযোগ্য না থাকে, সেক্ষেত্রে এই জাতীয় সড়কই বিকল্প অবতরণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।

ফলে উত্তরপূর্ব ভারতে প্রতিরক্ষা প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হল।

মোরান বাইপাসে এই অবতরণ কেবল একটি প্রযুক্তিগত প্রদর্শন নয়, বরং কৌশলগত সক্ষমতার প্রকাশ যা উত্তরপূর্ব ভারতের অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *