পরপর দু’ম্যাচ জিতে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পাঞ্জাব কিংস। তবে সাফল্যের মাঝেও সমস্যায় অধিনায়ক শ্রেয়স আয়ার। মন্থর বোলিংয়ের কারণে টানা দুই ম্যাচে জরিমানা গুনতে হয়েছে তাঁকে।
গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১২ লক্ষ টাকা জরিমানার পর, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একই অপরাধে তাঁর জরিমানা বেড়ে দাঁড়ায় ২৪ লক্ষ টাকায়। পাশাপাশি দলের আরও ১১ ক্রিকেটার ও ইমপ্যাক্ট প্লেয়ার প্রিয়াংশ আর্যকেও জরিমানা করা হয়েছে।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, এখন আর স্লো ওভার রেটের জন্য অধিনায়ককে নির্বাসিত করা হয় না, বরং আর্থিক জরিমানা ও কিছু বিধিনিষেধ জারি করা হয়। ফলে আপাতত নির্বাসনের ভয় নেই শ্রেয়সের। তবে বারবার একই অপরাধ করলে ডি-মেরিট পয়েন্ট জমতে পারে, যা ভবিষ্যতে বড় শাস্তির কারণ হতে পারে।
এদিকে মাঠে দারুণ ফর্মে পাঞ্জাব। চেন্নাইয়ের ২০৯ রান তাড়া করে ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় তারা। ২৯ বলে ৫০ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন শ্রেয়স।
