February 11, 2026
rashmika (2)

২০১৬ সালে অভিনয় জগতে পা রাখেন রশ্মিকা। তারপর থেকে সাফল্যের রেখা আকাশছোঁয়া। ‘কিরিক পার্টি’ থেকে ‘গীতগোবিন্দম’ হয়ে ‘পুষ্পা: দ্য রাইজ়’, ‘অ্যানিম্যাল’— বহু হিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। গত বছর রশ্মিকার ছ’টি ছবি মুক্তি পেয়েছে। অন্য অভিনেত্রীদের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি তাঁর। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। তাঁর আগে মোটা টাকা কর দিলেন অভিনেত্রী।

কর্মসূত্রে কখনও মুম্বইয়ে, কখনও হায়দরাবাদে থাকতে হয় তাঁকে। বছরের শুরুতেই প্রায় ৪.৬৯ কোটি টাকা কর দিয়েছেন তিনি। খ্যাতি বৃদ্ধির সাথে বাড়ছে অভিনেত্রীর সম্পত্তির পরিমাণও। বিলাসবহুল বহুমূল্য গাড়ির সংগ্রহ তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁর গ্যারাজে রয়েছে মার্সিডিজ় সি ক্লাস, অডি কিউ থ্রি এবং রেঞ্জ রোভারের মতো গাড়িও। রিয়্যাল এস্টেটেও বিপুল বিনিয়োগ করেছেন রশ্মিকা, এ কথা জানা গিয়েছে।

স্বল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা পাকা করে নিয়েছেন রশ্মিকা। এই মুহূর্তে দক্ষিণের সব চেয়ে বেশি উপার্জনকারী অভিনেত্রীদের মধ্যে রয়েছেন তিনি। ছবিপিছু ৪ কোটি টাকা পারিশ্রমিক নেন এখন। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ এখন ৪৫ কোটি টাকারও বেশি বলে জানাচ্ছে বিভিন্ন সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *