দিল্লির বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে দিঘার জগন্নাথধাম মন্দির সহ পুরো সৈকত নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার। মন্দিরের প্রতিটি গেটে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর ও স্ক্যানার, পাশাপাশি দিঘার বিভিন্ন প্রান্তে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি ও খতিয়ে দেখা হয়েছে। বাড়ানো হয়েছে QRT টিমের সদস্য সংখ্যা।
দিঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা পর্যালোচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, সঙ্গে ছিলেন জেলার একাধিক পুলিশ আধিকারিক। সাইকেলে চেপে ঘুরে দেখেন দিঘার বিভিন্ন প্রান্ত, পর্যবেক্ষণ করেন নিরাপত্তার খুঁটিনাটি দিক। দিঘা–ওড়িশা সীমান্তে শুরু হয়েছে ২৪ ঘণ্টা নাকা চেকিং, বাড়ানো হয়েছে সৈকতজুড়ে পুলিশ পেট্রোলিং।
দিঘা জগন্নাথ মন্দিরের সামনে সাংবাদিক সম্মেলনে কাঁথি জনের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার বলেন, “দিঘা জগন্নাথধাম মন্দির সহ পুরো পর্যটন এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।”
