আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শুভমন গিলের নাম বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরু হওয়ার আগেই শুভমন মনে করিয়ে দিলেন, ২০১১ সালের পর এক দিনের বিশ্বকাপ জিততে না পারার কথাও। টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ক শুভমন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন। অথচ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা হয়নি। তা নিয়ে প্রথম বার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন শুভমন। শনিবার বডোদরায় তিনি বলেন, ‘‘আমি যেখানে থাকতে চাই, সেখানেই রয়েছি। আমার ভাগ্যে যা আছে তা-ই হবে। কেউ বদলাতে পারবে না। খেলোয়াড় হিসাবে সব সময় আশা করি, দলে থাকব এবং দলকে জেতানোর চেষ্টা করব। তবে নির্বাচকদের সিদ্ধান্তকে আমি সম্মান করি। আমাদের দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা।’’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়কেও গুরুত্ব দিচ্ছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘সব সিরিজ়ই আলাদা, গুরুত্বপূর্ণও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলা সব সময় উপভোগ করি। কোন পরিস্থিতিতে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি কার্যকর হবে, সেটা ঠিক করা গুরুত্বপূর্ণ। সেই মতো প্রথম একাদশ তৈরি করতে হয়। কোনও ফরম্যাটই সহজ নয়। নিউ জিল্যান্ড যথেষ্ট শক্তিশালী দল। মাথায় রাখতে হবে, ২০১১-র পর আমরা এক দিনের বিশ্বকাপ জিততে পারিনি। ভাল ফল করতে হলে ভাল খেলতে হবে। একাগ্রতা বজায় রাখতে হবে।’’
সাংবাদিক বৈঠকে উঠেছে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের ব্যর্থতার প্রসঙ্গও। শুভমন পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রস্তুতি অভাবেই ব্যর্থতা। অধিনায়ক বলেছেন, ‘‘শেষ দুটো টেস্ট সিরিজ়ের আগে আমরা চার দিন করে সময় পেয়েছি। সাদা বলের সিরিজ়ের পরই টেস্ট সিরিজ় খেলতে হয়েছে। তা-ও এক দেশ থেকে অন্য দেশে গিয়ে। পিচ, পরিবেশের সঙ্গে এত দ্রুত মানিয়ে নেওয়া সম্ভব নয়। আমরা টেস্ট সিরিজ় দুটোর জন্য প্রস্তুতির সময়ই পাইনি। এ ভাবে ভাল করা কঠিন। টেস্ট সিরিজ়ের আগে প্রস্তুতি শিবির দরকার। বিশেষ করে সাদা বলের সিরিজ়ের পর টেস্ট খেলতে হলে অন্তত ১০ দিন সময় দরকার বিশ্রাম এবং প্রস্তুতির জন্য।’’
