গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর: সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে চলমান তদন্তে অসম পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ মহাপরিচালক (DGP) হরমিত সিং জানিয়েছেন, অভিযুক্ত শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে CID-এর সামনে হাজির হতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
DGP সিং এক সাংবাদিক সম্মেলনে বলেন, “তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে SIT কাজ করছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এবং ভারতীয় আইনের পরিপ্রেক্ষিতে। SIT রিপোর্ট এখনও প্রস্তুতির পর্যায়ে রয়েছে, তবে CID পর্যায়ক্রমে আপডেট দিতে পারে।” তিনি আরও জানান, তদন্তের পরিধি আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়েছে—একটি দল দিল্লিতে এবং অন্য একটি দল সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) অনুযায়ী প্রক্রিয়া চলছে।
DGP সিং স্পষ্টভাবে বলেন, “যদি অভিযুক্তরা হাজির না হন, তাহলে আইন অনুযায়ী পরবর্তী ধাপে যাওয়া হবে, যা অনেক কঠোর হবে। তাদের হাজিরা দেওয়া বাধ্যতামূলক।” তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “আপনারা গত এক সপ্তাহ ধরে অসম পুলিশকে সহযোগিতা করেছেন। অনুরোধ করছি, এই আস্থা বজায় রাখুন এবং SIT-কে তথ্য দিয়ে সাহায্য করুন।”
এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও অভিযুক্তদের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেন এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ড ফ্রিজ করার নির্দেশ দেন। তিনি বলেন, “যদি তারা নির্দোষ হন, তাহলে সাহস করে হাজিরা দিন। আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু যদি কেউ বিচার এড়াতে চায়, সরকার চুপ থাকবে না।”
জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় জনগণের আবেগ ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সরকার স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের অনুরোধ করেছেন এবং প্রয়োজনে CBI তদন্তের কথাও বলেছেন।
