April 7, 2026
SIL 2

দাঁতের সমস্যা প্রায় সকলেরই জীবনে কোনও না কোনও সময়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু সাধারণত সমস্যা গুরুতর না হওয়া পর্যন্ত অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হন না। দাঁতে শিরশিরানি, মাড়ির সংক্রমণ বা ক্যাভিটির মতো সমস্যা অবহেলায় আরও জটিল হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন খাদ্যাভ্যাস ও কিছু অসতর্ক অভ্যাস দাঁত ও মাড়ির রোগের প্রধান কারণ।
এই প্রেক্ষাপটে আশার আলো দেখালেন ব্রাজিলের বিজ্ঞানীরা। তাঁরা এমন এক বিশেষ প্রোটিনের সন্ধান পেয়েছেন, যার সাহায্যে মানুষের লালার মতো কার্যকর কৃত্রিম লালা তৈরি করা সম্ভব। এই উদ্ভাবন দাঁতের ক্ষয় রোধের পাশাপাশি মাড়ির সংক্রমণ এবং মুখগহ্বরের ক্যানসার প্রতিরোধেও সহায়ক হতে পারে বলে দাবি গবেষকদের।
গবেষণা অনুযায়ী, আখের রসে পাওয়া যায় ‘কেনসিপিআই-৫’ নামের একটি বিশেষ প্রোটিন, যার শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। এই প্রোটিন ব্যবহার করে তৈরি স্প্রে বা মাউথওয়াশ মুখে প্রয়োগ করলে তা প্রাকৃতিক লালার মতো কাজ করে। এটি দাঁত ও মাড়ির উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে, যা দাঁতের এনামেলের মতোই কার্যকর।
এই প্রোটিন দাঁত থেকে ক্যালশিয়াম ও ফসফেট বেরিয়ে যেতে বাধা দেয়, ফলে দাঁতের ক্ষয় অনেকটাই কমে। পাশাপাশি জিভে ঘা সারাতেও এটি সাহায্য করে এবং মুখগহ্বরের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেয়। এমনকি কোষের অস্বাভাবিক বৃদ্ধি রোধ করতেও এর ভূমিকা থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *