ফের ক্ষতিগ্রস্ত ভারতীয় যুদ্ধবিমান তেজস। সেনাঘাঁটিতে অবতরণের সময়ে রানওয়ে থেকে ছিটকে দুমড়ে গেল যুদ্ধবিমান। ব্রেক ফেল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পাইলট। কোনমতে বিমান থেকে বেরিয়ে আসায় প্রাণে বাঁচেন তিনি।
সূত্রের খবর, চলতি মাসের ৭ তারিখে দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান। ঘটনার জেরে এই বিমানের নিরাপত্তা এবং যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছে বায়ুসেনা। এই লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৩০টি এক আসনবিশিষ্ট তেজস যুদ্ধবিমান বসানো হয়েছে। সেগুলির পরীক্ষানিরীক্ষা করে বিশেষজ্ঞদের সবুজ সঙ্কেত মিললেই আবার তা ব্যবহার করা হবে।
উল্লেখ্য, এই নিয়ে তৃতীয় বার ক্ষতির সম্মুখীন তেজস। প্রথম ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরের কাছে ভেঙে পড়েছিল তেজস। সেবারও রক্ষা পেয়েছিলেন পাইলট। দ্বিতীয় বার দুবাইয়ে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে এই যুদ্ধবিমান। মৃত্যু হয় পাইলট তথা বায়ুসেনার উইং কমান্ডার নমন স্যালের। সেই তালিকায় এবার জুড়ল ৭ ফেব্রুয়ারির ঘটনা।
