শীতের মরসুমে প্রায় বাড়িতেই চলে রকমারি ফুলকপির রান্না। শীতের মরসুমি এই সব্জি দিয়ে বানিয়ে ফেলুন এমন এক রান্না যা স্বাদ ও রূপে অনবদ্য। রইল ‘আস্ত ফুলকপির রোস্ট’ রেসিপি।
কী কী লাগবে
মাঝারি আকারের ১টি ফুলকপি
বড় পেঁয়াজ ৪টি
টম্যাটো ৪টি
আদাবাটা আধ টেবিল চামচ
গরমমশলার গুঁড়ো ১ চা চামচ
কাঁচা লঙ্কাবাটা ১ টেবিল চামচ
শুকনো লঙ্কাগুঁড়ো ১ টেবিল চামচ
সর্ষের তেল ৪ টেবিল চামচ
নুন
কীভাবে বানাবেন
ফুলকপি কেটে এক বাটি হালকা গরম জলে নুন মিশিয়ে তাতে ভিজিয়ে রাখুন। ফুলকপি ধোয়া হয়ে গেলে ঝাঁজরিতে রেখে জল ঝরিয়ে ফেলুন। এবার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজবাটা দিন। সঙ্গে সঙ্গে গরমমশলা গুঁড়ো ছড়িয়ে দিন। মাঝারি আঁচে পেঁয়াজ ভালো করে কষাতে থাকুন। কিছুক্ষণ পর এতে আদাবাটা মেশান।
বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল উঠতে শুরু করবে। তখন ফুলকপিটা কড়াইয়ের মাঝখানে সোজা করে বসিয়ে দিন। চারদিকে টম্যাটোর টুকরো ছড়িয়ে দিয়ে উপর থেকে ঢাকা দিন। সামান্য নুন ছিটিয়ে দিন। ঢিমে আঁচে রান্না হতে দিন। এই সময়ের মধ্যেই টম্যাটো থেকে জল বেরোতে শুরু করবে।
প্রায় ১৫ মিনিট পর ঢাকনা খুলে ফুলকপিটি সাবধানে উল্টে দিন। এরপর আরও ১৫ মিনিট পর আবার কপিটি উল্টে দিন। সেদ্ধ হতে সময় দিতে হবে। মাঝেমধ্যে খুন্তি দিয়ে হালকা করে নাড়াচাড়া করুন, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। কিছুক্ষণ পর তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে গরমমশলার গুঁড়ো ছড়িয়ে দিন। গ্যাস বন্ধ করে কড়াই ঢেকে রেখে দিন।
ব্যস তৈরি হয়ে গেল আস্ত ফুলকপির রোস্ট। পরিবেশনের সময় কড়াই থেকে পুরো কপিটি একটি বড় থালায় তুলে নিন। ছুরি ও চামচের সাহায্যে কেটে পাতে পরিবেশন করুন গরম গরম রোস্ট।
