রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি করা রাজ্যের বর্তমান সরকারের লক্ষ্য। এজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকগণ হচ্ছেন আমাদের অন্নদাতা।
তাদের অবস্থার উন্নতি হলে রাজ্য তথা দেশ এগিয়ে যাবে। মোহনপুর ব্লকের ঈশানপুর পঞ্চায়েতের অন্তর্গত নন্দলাল দাস পাড়ায় শ্রী পদ্ধতিতে হাইব্রিড ধান রোপনের সূচনা করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পর থেকেই কৃষকদের অবস্থার উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে।
ধান চাষের পরিসংখ্যান তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যের ১৫ লক্ষ কানি জমিতে বছরে ধান চাষ হয়। এর মধ্যে ৮৭ হাজার কানি জমিতে আউস ধানের চাষ করা হয়েছে। ৯ লক্ষ ১৮ হাজার কানি জমিতে চাষ হয়েছে আমন ধানের। ৩ লক্ষ ৯৪ হাজার কানি জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
