ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধক্ষমতা আরও শক্তিশালী করতে আত্মপ্রকাশ হতে চলেছে নতুন আধুনিক যুদ্ধবাহিনী ‘ভৈরব’। জানা গিয়েছে আগামী ১৫ জানুয়ারি জয়পুরে অনুষ্ঠিত হতে চলেছে ‘আর্মি ডে প্যারেডে’। সূত্রের খবর সেখানেই প্রথমবারের মতো তার ক্ষমতা প্রদর্শন করবে “ভৈরব”। এই বিশেষ ব্যাটালিয়নটি আধুনিক অস্ত্রশস্ত্র, উন্নত প্রযুক্তি সহ ড্রোন ব্যবস্থাপনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের নিয়ে গঠিত।
জানা গিয়েছে, ভবিষ্যতের যুদ্ধের কথা মাথায় রেখেই ‘ভৈরব’ ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার ক্রমশ বাড়ছে, সেই কারণে এই ব্যাটালিয়নের সদস্যদের ড্রোন অপারেশন, নজরদারি, টার্গেট শনাক্তকরণ ও কৌশলগত আকাশ অভিযানে বিশেষভাবে দক্ষ করে তোলা হয়েছে।
দেশের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধি, জাতীয় নিরাপত্তা আরও মজবুত করা ও কৌশলগত আকাশ ও স্থল অভিযানে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দেওয়াই এই ব্যাটালিয়নের মূল উদ্দেশ্য।
আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘ভৈরব’ ব্যাটালিয়ন ভারতীয় সেনাবাহিনীর শক্তিকে নতুন মাত্রা দেবে বলেই মনে করছে প্রতিরক্ষা মহল।
এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিল দেশের নিরাপত্তা রক্ষায় তারা প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী যুদ্ধ ব্যবস্থার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
