বাবা-মা অনলাইনে গেম খেলতে বারণ করায় আত্মঘাতী হল তিন বোন। মঙ্গলবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের লোনি এলাকার এক আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দেয় ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকা।
সূত্রের খবর, অনলাইন গেমের প্রতি আসক্তি ছিল ওই তিন বোনের। সম্প্রতি অনলাইনে একটি টাস্ক-বেস্ড গেমের প্রতি তাদের আসক্তি বেড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। গেম খেলা নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হত। অনুমান, ওই দিন রাতেও বাবা-মায়ের বকাবকি এবং গেম খেলায় তাদের আপত্তির কারণেই আত্মঘাতী হয় ওই তিন বোন।
ঘটনার খবর পেয়ে ওই আবাসনে পৌঁছায় টিলা মোড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্টই নিশ্চিত খবর বলবে বলে মত তদন্তকারী আধিকারিকদের।
