April 12, 2026
SIL 2

বিশ্বকাপ ফুটবলের টিকিটের মূল্য আকাশছোঁয়া। এই নিয়ে চলেছে নানা বিতর্ক।  কিন্তু সেই বিতর্ককে কার্যত উপেক্ষা করেই ফের টিকিটের দাম বাড়াল ফিফা। সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরা’র নেতৃত্বে বাজারে এল আরও উচ্চমূল্যের টিকিট, যার সর্বোচ্চ দাম ৪১০৫ ডলার।

আগে যেখানে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ২৭৩৫ ডলার, সেখানে এবার তা প্রায় দেড় গুণ বাড়ল। আমেরিকা বনাম প্যারাগুয়ের উদ্বোধনী ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ আসনে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে এই বিপুল অর্থ। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকারও বেশি।

শুধু তাই নয়, ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’-এর কিছু টিকিটের দামও বাড়ানো হয়েছে। আগে এই বিভাগের সর্বোচ্চ মূল্য ছিল ১৯৪০ ডলার (প্রায় ১.৮ লাখ টাকা), এখন তা বেড়ে হয়েছে ২৩৩০ ডলার (প্রায় ২.১৬ লাখ টাকা)।

রাউন্ড অফ সিক্সটিন পর্বের কিছু ম্যাচেও মূল্য বেড়েছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত একটি ম্যাচের কিছু টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯০৫ ডলার (প্রায় ৮৪ হাজার টাকা)। পাশাপাশি, বসনিয়ার বিরুদ্ধে কানাডার ম্যাচের ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬০ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লাখ ১১ হাজার টাকা।

বিশ্বকাপ ফাইনালের টিকিটের ক্ষেত্রেও একই ছবি। আগে সর্বোচ্চ দাম ছিল ৮৬৮০ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। এখন তা বেড়ে হয়েছে ১০৯৯০ ডলার, অর্থাৎ ১০ লাখ টাকারও বেশি। ফাইনালের ক্যাটাগরি ২ ও ৩ বিভাগের টিকিটের দামও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *