February 11, 2026
SIL 1

নেপালে আবার অস্থিরতা। কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকরণের প্রতিবাদে যে জেন জেড তরুণ আন্দোলন দেশজুড়ে আলোড়ন তুলেছিল, তার রেশ যেন এখনও কাটেনি। ফের সেই আন্দোলনকারীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়াল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল।

বৃহস্পতিবার সকাল থেকেই সিমারা অঞ্চলে বাতাস উত্তপ্ত হতে থাকে। জানা গিয়েছে, ওলি-ঘনিষ্ঠ দুই নেতা—মহেশ বসনেট ও শঙ্কর পোখারেল—একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে কাঠমান্ডু থেকে সিমারায় পৌঁছান। তাদের আগমনের খবর ছড়াতেই জেন জেড বিক্ষোভকারীরা সামাজিক মাধ্যমে প্রতিবাদের ডাক দেয়। কিছুক্ষণের মধ্যেই সিমারা চকে প্রচুর যুবক-যুবতী জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে।

এ পরিস্থিতিতে স্থানীয় পুলিশ হস্তক্ষেপ করলে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। চোখে জল আনা গ্যাসের শেল ফাটানো হয় বলে অভিযোগ। বিমানবন্দরের কাছেও  কেপি শর্মা ওলির সমর্থক ও জেন জেড আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতি হয়। এই সংঘর্ষে অন্তত ৬ জন জেন জেড সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দুপুরের পর সিমারা ও আশপাশের এলাকায় কারফিউ জারি করে প্রশাসন। দুপুর ১২টা ৪৫ থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকে। কিছু সময়ের জন্য সিমারা বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণও বন্ধ রাখা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, ‘জেন জেড’ সদস্যদের উপর হামলা চালানো সত্ত্বেও ওলি সমর্থকদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেয়নি পুলিশ। তাই নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা। অন্যদিকে কমিউনিস্ট পার্টি অফ নেপাল নেতারা অবশ্য অভিযোগ অস্বীকার করে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা নিয়ে শুরু হওয়া বিক্ষোভে ভয়াবহ সংঘর্ষের মুখে পড়তে হয়েছিল ওলির সরকারকে। শেষ পর্যন্ত সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শান্ত থাকার আবেদন জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *