March 31, 2026
SIL 1

বলিউডের জনপ্রিয় গায়িকাদের মধ্যে প্রথম সারির গায়িকা অলকা ইয়াগনিক। টানা প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন শ্রোতাদের। কিন্তু ২০২৪ সালে হঠাৎই তাঁর কণ্ঠ থমকে যায়! শ্রবণশক্তি হারানোর বিরল সমস্যায় আক্রান্ত হয়ে গান থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বর্ষীয়ান এই গায়িকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে অলকা বলেন, তাঁর অবস্থার এখনও তেমন উন্নতি হয়নি। সেই কারণেই তিনি এখনও গানে ফিরতে পারেননি। তাঁর কথায়, সুরকার ও গীতিকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব এলেও তিনি এখন গাইতে অক্ষম।

২০২৪ সালে একটি বিবৃতিতে তিনি প্রথম নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন। জানান, বিমান থেকে নামার পর আচমকাই তিনি বুঝতে পারেন, কানে প্রায় কিছুই শুনতে পাচ্ছেন না। চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায়, একটি ভাইরাল সংক্রমণের ফলে বিরল স্নায়বিক সমস্যায় ভুগছেন তিনি, যার জেরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর শ্রবণশক্তি।

এই খবরে গভীরভাবে ব্যথিত হন তাঁর অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন অসংখ্য মানুষ। পাশাপাশি, বর্তমান প্রজন্মকে সতর্কবার্তাও দেন অলকা। অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘসময় ধরে হেডফোন ব্যবহার না করার পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *