নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুই এলাকায় ভয়াবহ ভূমিধসের পর উদ্ধার হওয়া মানবদেহের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করেছে প্রশাসন। প্রবল বৃষ্টির কারণে টাউরাঙ্গা শহরের একটি ব্যস্ত ক্যাম্পগ্রাউন্ডে এই ভূমিধস ঘটে। সেখানে গ্রীষ্মের ছুটিতে বহু পরিবার অবস্থান করছিল।
এই ঘটনায় দুই কিশোরসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের মধ্যে একজন ২০ বছর বয়সী সুইডেনের নাগরিকও রয়েছেন। উদ্ধার অভিযান বন্ধ করে এখন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ঘটনাটিকে “অত্যন্ত হৃদয়বিদারক” বলে বর্ণনা করেছেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপে আর জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রধান করোনার আনা টাটন বলেন, মৃতদের পরিচয় নিশ্চিত করতে সময় লাগতে পারে, তবে প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হবে।
