February 23, 2026
SIL 2

চলতি বছরের জানুয়ারির শেষে প্লে ব্যাক থেকে অবসর ঘোষণা করেছিলেন অরিজিৎ সিংহ। এর কিছুদিন পর, ফেব্রুয়ারির শুরুতে অরিজিতের বাড়িতে যান আমির খান। সেখানে দিনতিনেক ছিলেন আমির। সেদিনের দুই তারকার বার্তালাপ জানতে উদগ্রীব অনুরাগীরা। অবশেষে প্রকাশ্যে সেই কথোপকথন।

আমিরের প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ছেলে জুনেইদ ও সাই পল্লবীর নতুন ছবি ‘এক দিন’-এর গান গাওয়ানোর জন্যই সুরকার রাম সম্পত ও পরিচালক সুনীল পাণ্ডে-সহ সদলবলে জিয়াগঞ্জে যান আমির।

সম্প্রতি প্রকাশ্যে এল একটি মিউজিক ভিডিও। সেই ভিডিওতে দেখা গেল,  অরিজিতের বাড়িতে, পাড়ায় কাটানো আমিরের নানা মুহূর্ত। সেই ভিডিওতেই শোনা যায়, অরিজিৎকে প্রশ্ন করছেন আমির, ‘‘তুমি সিনেমায় গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছ কেন? এ বার আমাদের কী হবে!’’

উত্তরে খানিক সলজ্জ ভঙ্গিতে মাথা নাড়েন অরিজিৎ। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও। কোথাও দেখা যায় আমির ঘুড়ির কল খাটাচ্ছেন, আবার কোথাও সকলে মিলে মেঝেতে বসে পাত পেড়ে খাওয়াদাওয়া করছেন। শেষে ফেরার সময় আমিরের পা ছুঁয়ে প্রণাম করেন অরিজিৎ। পাল্টা অরিজিতের পা ছুঁয়ে প্রণাম করেন আমিরও।

ভিডিওর একেবারে শেষে দেখা যায় জুনেইদ ও সাই পল্লবীর ছবির একটি দৃশ্যের। আবেগঘন এই ভিডিও ইতিমধ্যেই অনুরাগীদের মন কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *