আগরতলা পৌর নিগমের আসন্ন নির্বাচনে ৫১টি ওয়ার্ডেই প্রার্থী দিয়ে নির্বাচনী লড়াইয়ে নামল বিজেপি। শুক্রবার রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল বের করে বিজেপি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি অফিস লেনস্থিত সদর মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। সেখানে রিটার্নিং অফিসারের কাছে ৫১টি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের রাজ্য প্রভারী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, রামনগরের বিধায়ক দীপক মজুমদারসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
মনোনয়ন জমা দেওয়ার মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নকেই প্রধান হাতিয়ার করে আসন্ন পুরনির্বাচনে মানুষের কাছে যাবে বিজেপি। তাঁর দাবি, গত কয়েক বছরে আগরতলা পৌর নিগমের অধীনে শহরের সার্বিক পরিকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একসময় সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ত। বর্তমানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কভার ড্রেন নির্মাণ এবং প্রধান নালাগুলির সংস্কারের ফলে জল জমার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
শহরের বিভিন্ন লেক ও পুকুর পুনরুদ্ধারের পাশাপাশি অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলির সংস্কার ও উন্নয়ন করা হয়েছে বলেও জানান তিনি। বিদ্যুতের ঝুলন্ত তারের সমস্যা দূর করতে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন বসানোর কাজ শুরু হয়েছে। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্বাস্থ্য পরিষেবা এবং ডিজিটাল পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রেও পৌর নিগমের সাফল্যের কথা তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, পুরনিগমের উদ্যোগে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করা হয়েছে। শহরের যানজট সমস্যা নিরসনে আগরতলাকে কেন্দ্র করে রিং রোড তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় দুটি আবাসন টাওয়ার উদ্বোধনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলায় ইউনিটি মল নির্মাণ, ডেন্টাল কলেজ স্থাপন এবং বিএসসি নার্সিং কোর্স চালুর মতো একাধিক উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে। তাঁর দাবি, গত কয়েক বছরের এই উন্নয়নের খতিয়ান সামনে রেখেই আসন্ন পুরনির্বাচনে ৫১টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা ভোটারদের সমর্থন চাইবেন।
