উচ্চ রক্তচাপ চোখেরও মারাত্মক ক্ষতি করতে পারে। এমনটাই সতর্কবার্তা দিলেন চিকিৎসকরা। দীর্ঘ সময় ধরে রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে চোখের রেটিনায় ক্ষতি হতে পারে, যা দৃষ্টিশক্তি নষ্ট করতে পারে। একে বলা হয় ‘হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি’।
চোখের পিছনের অংশে থাকা রেটিনা অত্যন্ত সূক্ষ্ম রক্তনালির মাধ্যমে কাজ করে। দীর্ঘ সময় উচ্চ রক্তচাপ থাকলে রক্তনালির উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে এগুলো সরু, আড়ষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ফলে রেটিনায় রক্তসঞ্চালন ব্যাহত হয় এবং দৃষ্টিশক্তি প্রভাবিত হয়। অনেক ক্ষেত্রে রক্তনালিতে চাপের কারণে রক্তক্ষরণও ঘটতে পারে। প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনও লক্ষণ বোঝা যায় না। তবে রোগের অবস্থার অবনতি হলে কিছু সতর্কবার্তা দেখা দিতে পারে।
কোন ধরনের উপসর্গ দেখা যায়?
দৃষ্টি ঝাপসা হয়ে আসা
একটানা মাথা ব্যথা
চোখে চাপ বা অস্বস্তি
হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি সহজে বোঝা যায় না। তাই বছরে অন্তত একবার চোখের রুটিন চেক আপ করা অত্যন্ত জরুরি।
এই রোগের ঝুঁকি এড়াতে কী কী করবেন?
সবচেয়ে জরুরি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা
নিয়মিত রক্তচাপ মাপা
চিকিৎসকের দেওয়া ওষুধ ঠিক সময়ে খাওয়া
অতিরিক্ত নুন খাওয়া যাবে না
ধূমপান এড়ানো
নিয়মিত শারীরচর্চা করা
উচ্চতা অনুযায়ী ওজন নিয়ন্ত্রণে রাখা
স্বাস্থ্যকর খাবার খাওয়া ও পর্যাপ্ত জল পান করা
মনে রাখবেন, আপনার দৃষ্টি শক্তি অমূল্য। তাই সময় থাকতে চোখের যত্ন নিন।
