April 16, 2026
image (4)

গুয়াহাটির লচিত নগর এলাকায় আজ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ভোরে একটি দুঃসাহসিক চুরির চেষ্টা ব্যর্থ করতে গিয়ে এক ব্যক্তি মারাত্মকভাবে জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের উপর্যুপরি ছুরিকাঘাতে রোহিত দাস নামক এক ব্যক্তি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সূত্রপাত ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে। লচিত নগরের একটি স্থানীয় নামঘরে এক চোর লোহার গ্রিল চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। সেই সময় পাড়ার এক মহিলা ময়লা ফেলতে বাইরে বেরোলে এক সন্দেহভাজন ব্যক্তিকে নামঘরের চত্বরে দেখতে পান। তার গতিবিধি অস্বাভাবিক মনে হওয়ায় মহিলাটি লক্ষ্য করেন যে, অভিযুক্ত ব্যক্তি নামঘরের লোহার গ্রিল খুলে বাইরে ফেলছে। চুরির বিষয়টি বুঝতে পেরে ওই মহিলা চিৎকার শুরু করেন এবং তৎক্ষণাৎ প্রতিবেশীরা জেগে ওঠেন।

জনসাধারণের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চোর পালানোর চেষ্টা করে। এই সময় রোহিত দাসসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযুক্তকে ধাওয়া করেন। পালানোর সময় অভিযুক্ত ব্যক্তি নামঘরের পুরোহিতকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তাকে আটকানোর চেষ্টা করলে রোহিত দাসের ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। চোরটি রোহিতকে লক্ষ্য করে একাধিকবার ছুরিকাঘাত করে এবং ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

গুরুতর আহত অবস্থায় রোহিত দাসকে দ্রুত নেমকেয়ার (Nemcare) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (ICU) বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং অবস্থা এখনো আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় সাম্প্রতিককালে চুরির উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনাটি গুয়াহাটির ব্যস্ততম এলাকাতেও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তারা অভিযান শুরু করেছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *