ভারতীয় নৌসেনায় যুক্ত হল অগভীর জলে চলাচলে সক্ষম ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধজাহাজ ‘আইএনএস মঙ্গরোল’। কেরলের কোচি শিপইয়ার্ড লিমিটেডে তৈরি এই জলযান উপকূলবর্তী এলাকায় শত্রুপক্ষের ডুবোজাহাজ শনাক্ত ও মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
‘অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট’ শ্রেণির এই জলযানের ড্রাফট মাত্র ২.৭ মিটার। ফলে বড় যুদ্ধজাহাজের পক্ষে চলাচল কঠিন, এমন অগভীর জলেও এটি দ্রুত অভিযান চালাতে পারবে। শত্রুপক্ষের বিমান ও হেলিকপ্টার মোকাবিলার সক্ষমতাও রয়েছে এই জলযানের।
আইএনএস মঙ্গরোলে রয়েছে ‘অভয়’ সোনার ব্যবস্থা, হালকা টর্পেডো, দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ বিধ্বংসী রকেট লঞ্চার এবং ‘মারিচ’ টর্পেডো প্রতিরোধী ব্যবস্থা। আধুনিক এই সরঞ্জাম শত্রুপক্ষের ডুবোজাহাজ শনাক্ত ও হামলা প্রতিহত করতে সাহায্য করবে।
ভারতীয় নৌসেনার শক্তি বাড়াতে ২০৩৫ সালের মধ্যে ২০০টির বেশি যুদ্ধজাহাজ ও ডুবোজাহাজ তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। এই পরিকল্পনায় স্টেলথ প্রযুক্তির ফ্রিগেট, ডেস্ট্রয়ার, কর্ভেট, ডুবোজাহাজ বিধ্বংসী জলযান এবং মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করার বিশেষ জলযান নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বর্তমানে ভারতীয় নৌসেনার হাতে প্রায় ১৪০টি জলযান রয়েছে। এর মধ্যে ১৭টি ডিজেল-ইলেকট্রিক ডুবোজাহাজ, দুটি পরমাণু শক্তিচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ এবং দুটি বিমানবাহী রণতরী রয়েছে। পাশাপাশি রয়েছে ২৫০টিরও বেশি বিমান ও হেলিকপ্টার।
