February 23, 2026
নিম্নচাপের জেরে ২৩-২৬ ফেব্রুয়ারি ১১ রাজ্যে বৃষ্টি-ঝোড়ো হাওয়া, বাংলায় কী প্রভাব

মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১১টি রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব মধ্যপ্রদেশ, মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তীসগढ़ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার, এমনকি কিছু এলাকায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কৃষকদের ফসল রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ওড়িশা উপকূলে সোম ও মঙ্গলবার দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকতে পারে। মধ্যপ্রদেশ, বিদর্ভ ও  ছত্রিশগড়ে ও একই অবস্থা বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম ও মঙ্গলবার।
হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে বৃষ্টির সঙ্গে তুষারপাতের ইঙ্গিত মিলেছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কয়েক দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপটি ক্রমশ শক্তি হারালেও এর প্রভাবে বজ্রঝড় ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে আগামী সাত দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *