July 6, 2026
SIL 2

আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হতে পারে ২০২৭ এশিয়া কাপ। টুর্নামেন্টের সম্ভাব্য সূচি ও ভেন্যু নিয়ে আলোচনা শুরু হলেও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ১৮ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগিতা।

এশিয়া কাপের প্রচলিত নিয়ম অনুযায়ী, যে বছর যে ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তার আগে সেই একই ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করা হয়। ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের এশিয়া কাপও ৫০ ওভারের ফরম্যাটে হওয়ার কথা। টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং একটি সহযোগী দেশ-সহ মোট ছয়টি দল অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। মোট ১৩টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

তবে টুর্নামেন্ট ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, ভারতীয় দল আদৌ বাংলাদেশে খেলতে যাবে কি না। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই কারণে ভারতের বাংলাদেশ সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। ফলে এশিয়া কাপের জন্য ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিস্থিতির পর দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ দেখা গিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল একাধিকবার ইতিবাচক বার্তা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)–এর পক্ষ থেকে বাংলাদেশ সফর নিয়ে কোনও সবুজ সংকেত মেলেনি।

ফলে ২০২৭ এশিয়া কাপ নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশেই অনুষ্ঠিত হবে, নাকি ভেন্যু পরিবর্তন করে নিরপেক্ষ কোনও দেশে সরিয়ে নেওয়া হবে—তা এখনই স্পষ্ট নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *